বিন-এসবিএন চুক্তি সই

৭ নভেম্বর, ২০২৩ ২১:৪৩  

প্রযুক্তিগত উদ্ভাবন, উদ্যোক্তা, গবেষণা এবং শিক্ষা প্রচারের লক্ষ্যে মঙ্গলবার চুক্তিবদ্ধ হলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এবং স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক (এসবিএন)। আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে এসবিএন-এর কো-চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ-এর উপস্থিতিতে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর পক্ষে চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর ও প্রতিষ্ঠাতা ও চিফ কোঅর্ডিনেটর মুন এম রাজীব এবং স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের (এসবিএন) এর পক্ষে, এসবিএন ও আইডিইএ ফাউন্ডেশনের সচিব মোঃ মনজুরুল ইসলাম ওমানিক মাহমুদ ও এসবিএন সদস্য, এটুআই প্রোগ্রাম স্পেশালিস্ট ইনোভেশন সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতাকালে, এসবিএন -এর কো-চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিন এবং এসবিএন -এর মধ্যে সহযোগিতার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন, উদ্ভাবন এবং স্মার্ট প্রবৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেন। তিনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের উপদেষ্টা হিসেবে তাদের অবদানের কথা উল্লেখ করেন।

চুক্তি অনুযায়ী, বিন এবং এসবিএন যুবকদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা ও সেমিনার আয়োজন, উদ্যোক্তা দক্ষতা বিকাশের সুবিধা, দক্ষতা উন্নয়ন উদ্যোগে শিল্পের নিযুক্তি এবং ভবিষ্যতের দক্ষতা উন্নয়নে সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।

প্রসঙ্গত, বিন দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের উন্নীত করার প্রতিশ্রুতির মাধ্যমে, বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন এবং দেশের আইটি ল্যান্ডস্কেপকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক, সরকারী এবং বেসরকারী খাতের স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে, ডিজিটালাইজেশন এবং স্টেকহোল্ডারদের সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন সহজতর করা এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।